ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
মিয়ানমার সফরকালে তিনি দুদেশের সীমান্ত বরাবর কাঁটা তারের বেড়া নির্মাণের ইয়াংগুনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সীমান্তে সৈন্য সমাবেশ না করার জন্য তার প্রতিপক্ষকে অনুরোধ জানাবেন বলে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন জানিয়েছেন।
বাংলাদেশকে না জানিয়েই গত ১৫ মার্চ মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সীমান্তবর্তী নাফ নদীর ঠিক অপর পাড়ের কিন গান গ্রামে জড়ো করে। এছাড়া সীমান্ত বরাবর সেনা মোতায়েনও করে মিয়ানমার।
পররাষ্ট্র সচিব বুধবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমুদ্রসীমা নিয়ে বিরোধ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য প্রস্তাবিত আন্তঃদেশীয় মহাসড়ক নির্মাণসহ সব দ্বিপাক্ষিক বিষয় নিয়েই পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।"
তিনি বলেন, "পররাষ্ট্র মন্ত্রী এবং তার সফরসঙ্গী মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা ১৬ ও ১৭ মে সাবেক বার্মার নতুন রাজধানী নেপিডোতে তার প্রতিপক্ষ এবং অন্যান্য সরকারি কর্মকর্তার সঙ্গে আলোচনায় মিলিত হবেন।"
চলতি বছরের ৬ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রতিবেশী কোন দেশে এটাই দীপু মনির প্রথম সফর।
তৌহিদ হোসেন বলেন, "সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সীমান্ত বরাবর সৈন্য মোতায়েন না করার জন্য আমরা মিয়ানমারকে অনুরোধ জানাবো। পররাষ্ট্রমন্ত্রী সীমান্তে মিয়ানমারের বেড়া নির্মানের সিদ্ধান্ত নিয়েও আলোচনা করবেন।"
বাংলাদেশ মূলত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে ওইসময় সীমান্তে মিয়ানমারের কাঁটাতারের বেড়া নির্মানের বিষয়টি জানতে পেরে তার সীমান্তরক্ষী বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রেখেছিল।
বঙ্গোপসাগরে দুদেশের জলসীমা নিয়ে বিরোধ নিস্পত্তির জন্য দুটি কারিগরী দল আলোচনা করছিলো উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, আমরা অবশ্যই বঙ্গোপসাগরে জলসীমা সংক্রান্ত বিরোধ নিয়েও আলোচনা করবো।
মিয়ানমার গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমার বড় একটি অংশ নিজেদের দাবি করে জাতিসংঘে একটি প্রতিবেদন জমা দেয়।
পররাষ্ট্র সচিব জানান, বঙ্গোপসাগরে জলসীমা সংক্রান্ত মিয়ানমারের দাবির বিষয়ে একটি প্রতিবাদপত্র তৈরীর চূড়ান্ত পর্যায়ে রয়েছে তার মন্ত্রণালয়।
তৌহিদ হোসেন আরো বলেন, সাধারণত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে আলোচনা হয়ে থাকে। জ্বালানি খাতে সহযোগিতা নিশ্চিত করতে মিয়ানমারে বাংলাদেশ-মিয়ানমার জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিষয়টিও দীপু মনি আলোচনায় তুলবেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে এক হাজার মেগাওয়াট ক্ষমতার তিনটি জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য গত তিন দশকেরও বেশি সময় ধরে দুদেশের মধ্যে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩১০ ঘ.
bdnews24