২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও মাগুরায় ৩০ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে বাগেরহাট ও মাগুরায় ৩০ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে বাগেরহাট ও মাগুরায় ৩০ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। এর মধ্যে বাগেরহাটে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ ১৯ জন এবং মাগুরায় ১১ জন। বুধবার সংশ্লিষ্ট জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাগুলো দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- বাগেরহাট: বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আব্দুস সালাম খানের আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। আদালত মামলাটি আমলে নিয়ে মোরেলগঞ্জ থানাকে নথিভুক্ত করার আদেশ দেন। আসামিরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির ও বাংলাদেশ চাষি কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি একেএম ইউসুফ, বাংলাদেশ চাষি কল্যাণ সমিতির সাবেক সেক্রেটারি মোসলেম উদ্দিন, বাগেরহাট জেলা বিএনপি সদস্য সাবেক সাংসদ মিঞা আব্বাস উদ্দিন, মোরেলগঞ্জের বারুইখালী গ্রামের আব্দুল মান্নান শরীফ (৬০), কাঠালতলা গ্রামের আব্দুস সালাম হাওলাদার (৫৩), পূর্ব সরালিয়া গ্রামের আমির আলী তালুকদার (৫৫), মো. শাহ আলম তালুকদার (৫৫), আব্দুল আজিজ তালুকদার (৫৮), মোরেলগঞ্জ সদরের মোহাম্মদ আলী (৫৩), খাউলিয়া গ্রামের দুই সহোদর ফারুকুল ইসলাম (৫৯) ও ফিরোজ আহমেদ (৫০), গুলিশাখালী গ্রামের ছালাম শরীফ (৬০), হরতকিতলা গ্রামের হাফেজ সুলতান আহমেদ (৫২), কালিকাবাড়ি গ্রামের মো. আবু সালেহ (৫২), মো. জাহের শিকদার (৬৫), নিশানবাড়ি গ্রামের মো. আব্দুল ওয়াহেদ (৬০), পিসি বারুইখালী গ্রামের আব্দুস সালাম খলিফা (৬৫), আমবাড়িয়া গ্রামের জান্নাত আলী (৭৫) এবং দোনা গ্রামের আব্দুল ওয়াহেদ (৭২)। মামলায় নাম উল্লেখ করা ১৯ জন ছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ৩০ থেকে ৩৫ জনের কথা বলা হয়েছে। মামলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ১৩ মে আসামি একেএম ইউসুফের নির্দেশে মোরেলগঞ্জের বারুইখালী এলাকায় মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। ১৭ মে মোসলেম উদ্দিনের নেতৃত্বে রাজাকাররা মোরেলগঞ্জ বাজারের অধিকাংশ দোকান জ্বালিয়ে দেয়। ১৯ মে মোসলেমসহ রাজাকার ও পাক বাহিনীর একটি দল মোরেলগঞ্জ লঞ্চঘাট টার্মিনালের উপর দাঁড় করিয়ে সাতজনকে গুলি করে হত্যা করে। ২৬ জুলাই মিঞা আব্বাস উদ্দিনের নির্দেশে মোরেলগঞ্জ বাজারের চিকিৎসক আব্দুল মজিদকে পানগুছি নদীতে কোমর পানিতে নামিয়ে গুলি করে হত্যা করা হয়। আগস্ট মাসের শেষ সপ্তাহে আব্বাসের নেতৃত্বে আসামিরা মোরেলগঞ্জ বাজার থেকে সাহেব আলীকে রাজাকার ক্যাম্পে নিয়ে গুলি করে হত্যা করে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আসামিরা মোরেলগঞ্জের হোগলাবুনিয়া বাজারে পাঁচ জনকে গুলি করে হত্যা করে। আসামিদের অধিকাংশই জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন বলে মামলার বাদী মো. লিয়াকত আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন। মাগুরা: হত্যার অভিযোগে মাগুরা প্রধান বিচার বিভাগীয় হাকিম শেখ জালাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন মোল্লা। বিচারক মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানাকে নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন- মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামের রাজ্জাক তরফদার (৬৫), ওয়াজেদ তরফদার (৬০), বাহারবাগ গ্রামের গোলাম ছরোয়ার (৬০), নিয়ামত মিয়া (৭২), ইসমাইল বিশ্বাস (৬১), আলোকদিয়ার গোলাম রসুল মাখন মুন্সী (৭০), শ্রীরামপুরের গোলাম রব্বানী (৬০), গৃহ গ্রামের আকবর হোসেন (৬২), নেন্দু মিয়া (৫৫), শ্যামপুরের সিরাজুল ইসলাম (৬২) এবং সংকোচখালীর আত্তাপ মোল্লা (৬৭)। অভিযোগে বলা হয়- ১৯৭১ সালের ৩০ জুলাই সকালে আসামিরা বাদীর বাবা আব্দুর রউফ নবা মোল্লাকে নবগঙ্গা নদীর পাশে ফুলতলা দরগার ঘাটে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০২০ ঘ.