সাতক্ষীরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা জেলা কারাগারে বুধবার দুপুরে এক হাজতীর মৃত্যু হয়েছে।
মৃত তারাপদ সানা (৬০) খুলনার ডুমুরিয়া উপজেলার করাকাতি গ্রামের হাজারি লাল সানার ছেলে।
সাতক্ষীরা জেলা কারাগারের কারাধ্যক্ষ আবু সায়েম জানান, ১২ মে (মঙ্গলবার) সকালে একটি মামলায় তাকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে নিয়ে যায় পুলিশ। দুপুরে কোর্ট হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বিকেলে আবার কারাগারে ফেরত আনা হয়।
বুধবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা ২টার দিকে হাসপতালের জরুরি বিভাগে তিনি মারা যান।
তারাপদ সানার বিরুদ্ধে বিশেষ ক্ষমতাসহ বিভিন্ন আইনে ৬টি মামলা ছিল। গত ৩০ এপ্রিল তাকে সাতক্ষীরা কারাগারে আনা হয়।
ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তারাপদর লাশ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান কারাধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24