ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড সন্ত্রাস দমনে সরকার কোনোরকম গাফিলতি সহ্য করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, নারী নির্যাতনের মধ্যে সবচেয়ে নৃশংস হচ্ছে এসিড সন্ত্রাস।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ ) ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রথম আন্তজার্তিক সম্মেলনে সাহারা খাতুন একথা বলেন।
এসিড সন্ত্রাস সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি দূর করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা পর্যায়েও এরকম সেল গঠন করা হবে।
তিনি আরো জানান, সাধারণত গ্রামের ও দ্ররিদ্র পরিবারের নারীরাই এসিড সন্ত্রাসের শিকার হন বেশি। আর্থিক সঙ্গতির অভাবে অনেকেই মামলা চালাতে পারেন না। তাদের জন্য মামলা পরিচালনায় অর্থ বরাদ্দসহ অন্যান্য সহায়তামূলক পদক্ষেপ নিচ্ছে সরকার।
এসিডদগ্ধ অসহায় নারীদের সহায়তায় এগিয়ে আসার জন্য এসিড সারভাইভারস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অন্যান্য বেসরকারি সংস্থাকেও এসিডদগ্ধদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সকালে চারুকলা ইন্সটিটিউট থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
এছাড়া প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্রিটিশ হাইকশিনার স্টিফেন ইভান্স, সিডা'র কান্ট্রি ডিরেক্টর রবার্ট বেডল, এএসএফ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন মাহমুদ, মানুষের জন্যে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে কম্বোডিয়া, উগান্ডা ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে এসিড সন্ত্রাসের শিকার নারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এই সন্ত্রাস প্রতিরোধে কিছু পরামর্শ তুলে ধরেন। যার মধ্যে রয়েছে উপযুক্ত চিকিৎসা সেবা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ও এসিড বিক্রির ক্ষেত্রে কঠোর বিধি-নিষেধ আরোপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০১১০ঘ.
bdnews24