কক্সবাজার, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়ার মরিচ্যা বাজারের কাছে একটি পুরনো সেতু ধ্বসে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে এই দুর্ঘটনার পর থেকে এ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে কক্সবাজার-টেকনাফের যানবাহন চলাচল করছে।
নিহত ট্রাকের সহায়তাকারী সৈয়দ হোসেন (২০) উখিয়ার ধেছুয়া পালং এলাকার শামসুল আলমের ছেলে। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আহতদের মধ্যে ট্রাক চালক সেলিম উল্লাহ (২৮) ছাড়াও আরও তিনজন রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কক্সবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, টেকনাফ থেকে পণ্য বোঝাই করে কক্সবাজার যাওয়ার পথে মরিচ্যা বাজারের কাছে ট্রাকটি 'লাল ব্রীজ' হিসেবে পরিচিত সেতুটি পার হচ্ছিল। এ সময় সেতু ধ্বসে ট্রাকটি অন্তত ২০ ফুট নিচে পানিতে পড়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রশিদ জানান, বৃটিশ আমলে নির্মিত সেতুটি মেরামত করেই এতদিন চালু রাখা হয়েছে। এখন পুরোপুরি ধ্বসে গেছে। সেতুটি পুনঃনির্মাণের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.
bdnews24