২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের উদ্বেগ

রাজধানীর অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন খোদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে মহানগর পুলিশের মাসিক অপরাধ বিষয়ক সভায় মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "হ্যা আমি উদ্বিগ্ন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন খোদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে মহানগর পুলিশের মাসিক অপরাধ বিষয়ক সভায় মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "হ্যা আমি উদ্বিগ্ন।" তিনি বলেন, "অমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। শিগগিরই নতুন তালিকা অনুযায়ী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।" মোবাইল ফোনের মাধ্যমে অপরাধ সংগঠনের কারণে জড়িতদের সনাক্ত করা খুবই জটিল হয়ে পড়েছে জানিয়ে শহীদুল হক বলেন, "যেসব নম্বার থেকে তারা ফোন করছে অনেক ক্ষেত্রেই সেসব নম্বার সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়। ওই নম্বারগুলো সনাক্ত করার উপায় নিয়ে মোবাইলফোন কোম্পানিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।" অপরাধ দমনে মহানগর পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে কিনা-এ প্রশ্ন করা হলে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় একই সময়ে টহল দেওয়া সম্ভব নয়। সভায় পুলিশ কমিশনার জানান, এপ্রিল মাসে রাজধানীতে পাঁচটি ডাকাতি, ৫১টি দস্যুতা, ২৪ টি খুন, ১০০টি নারী নির্যাতন, ২৪৫ টি চুরি, ৯টি চাঁদাবাজির চেষ্টা ও ৪৮টি ছিনতাই এর মামলা হয়েছে। ওইসব মামলার মধ্যে একই মাসে ডাকাতি মামলায় ছয়জন, খুনের মামলায় ৩৬ জন ও দ্রুতবিচার আইনে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সভায় পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, একই মাসে পাঁচটি ডাকাতি মামলার বিপরীতে মাত্র একটি ঘটনা উদঘাটন করতে পেরেছে পুলিশ। ৬৩ টি গাড়ি চুরি মামলার বিপরীতে উদ্ধার হয়েছে মাত্র ১২টি। ২৪টি খুনের মামলার মধ্যে রহস্য উদঘাটন হয়েছে ১১টির। অপরাধ সভায় মহানগর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজধানীর সবগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএনএস/এইচএ/২১৪৯ঘ.