ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ফিলিপাইন থেকে ১ লাখ ৮০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার কমিটির এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজ সাংবাদিকদের জানান, প্রতি ব্যারেল তেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ১৫ ডলার।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, ১ লাখ ৮০ হাজার টন তেলের মধ্যে দেড় লাখ টন ডিজেল এবং ৩০ হাজার টন জেট ফুয়েল আমদানি করা হবে। ফিলিপাইনের সরকারি প্রতিষ্ঠান পিএনওসি এক্সপ্লোরেশন করপোরেশনের কাছ থেকে এ তেল আমদানি করা হবে।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন থেকে জুলাই নাগাদ আরও তেল আমাদানি করা হবে।
বিপিসি জানিয়েছে, বর্তমানে,দেশে প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজলে মজুদ আছে।
এ ছাড়া ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরকারি পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এর মাধ্যমে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১ লাখ টন টিএসপি ও এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মরক্কো ও তিউনিশিয়া থেকে এসব সার আমদানি করা হবে।
পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য ১ লাখ ২০ হাজার বাক্স ডিডিএস কিট, ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় 'ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট' নিয়োগের আর্থিক প্রস্তাব ও 'ফিন্যান্সিয়াল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কনসালটেন্ট' নিয়োগের আর্থিক প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় বৈঠকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এআরএইচ/এইচএ/১৮৪৬ঘ.
bdnews24