ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার কার্যক্রম স্থগিতের আদেশ প্রত্যাহার করেছে আদালত।
মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
গত বছর ১৬ সেপ্টেম্বর শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির কার্যক্রম স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট।
মঙ্গলবার স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
আদেশের পর ব্যারিস্টার শেখ ফজলে নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর বলেছেন মামলাটির কার্যক্রম হাইকোর্টে স্থগিত রয়েছে। মামলা প্রত্যাহারের আগে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে।"
ব্যারিস্টার তাপস বলেন, এ কারণেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। আদালত সে আবেদন মঞ্জুর করেছেন।
১০ মে মামলাটির ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ জানুয়ারি এক পরিপত্র জারি করে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুযোগ করে দেয়।
২০০৭ সালের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনার ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
একই বছরের ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়।
গত বছর ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩৫৯ ঘ.
bdnews24