গাজীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফররত উগান্ডার উপ-রাষ্ট্রপতি গিলবার্ট বুকেনিয়া সোমবার গাজীপুর ব্র্যাকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন।
সকালে তিনি শ্রীপুর উপজেলার জৈনা বাজারে ব্র্যাকের সিড প্রসেসিং ফিড মিল অ্যান্ড নার্সারী পরিদর্শন করেন। দুপুরে রাজেন্দ্রপুরের ব্র্যাক বিসিডিএম কেন্দ্রে মাছ ও গলদা চিংড়ির হ্যাচারি ঘুরে দেখেন।
এরপর বিকেলে তিনি সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকায় ফুড প্রজেক্ট, যোগীতলায় ব্র্যাক কৃষি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র , বীজ প্রত্যায়ন কেন্দ্র এবং ব্র্যাক প্ল্যান্ট বাইয়োটেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে ব্র্যাকের কার্যক্রম ব্যাপারে মুগ্ধতা প্রকাশ করেন।
উগান্ডার উপ-রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন- বাংলাদেশে উগান্ডার হাইকমিশনার নিমিসা মাধভানি, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুবুর হোসেন, উপ-নির্বাহী পরিচালক ইমরান মতিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.
bdnews24