চাঁদপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় সোমবার আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই। অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে ট্রলারডুবিতে নিহত আটজনের যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হল।
উদ্ধারকৃত লাশ তিনটি হল উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চরউমেদের বারেক বেপারী (৩৫), হাসিনা (২৫) ও ফিরোজার (৩০)।
রোববার দুপুর আড়াইটার দিকে প্রায় ১৫০ যাত্রী নিয়ে জহিরাবাদ থেকে ট্রলারটি চরউমেদের কাছাকাছি আসামাত্র ঢেউয়ের আঘাতে উল্টে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা নদীতে পড়ে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। যাত্রীদের সবাই ভিজিএফ কর্মসূচির চাল নিতে জহিরাবাদ ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন।
ওই দিনই নদী থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ভোরে জেলেরা নদী থেকে বারেকের লাশ উদ্ধার করে। লগ্নিমারা এলাকা থেকে সকাল ১০টায় স্থানীয়রা উদ্ধার করে ফিরোজার লাশ। আর বিকেলে উদ্ধার হয় হাসিনার লাশ।
মিজানুর রহমান বলেন, "আর কেউ নিখোঁজ নেই। উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘ্ষোণা করা হয়েছে।"
তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অগ্রপথিক নামের উদ্ধারযান দিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
মিজানুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ট্রলার চালক লাভলুকে আসামিকে করে রোববার একটি মামলা করেছেন। ট্রলার চালক লাভলু বর্তমানে পলাতক।
এছাড়া অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রমাণসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সোমবার স্থানীয় সাংসদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক বিশ্বাস মুহাম্মদ আজিম উদ্দিন, পুলিশ সুপার কৃষ্ণপদ রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানান।
সাংসদ রফিকুল ইসলাম চরউমেদের চিরারচর বাজারে নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করতে গেলে তারা ট্রলার মালিক ও চালকের দৃষ্টান্তমূলক দাবি জানান। তিনি এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদের আশ্বস্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমডি/আরএ/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24