সিলেট, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ সুরমার হাজিগঞ্জে সোমবার রাতে একটি বাস ও তেল পরিবহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাহের ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজিগঞ্জ বাজারের পাশ্ববর্তী একটি ব্রিজে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস এবং সিলেটগামী তেলবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ব্রিজের রেলিং ভেঙ্গে দু'টি যানবাহনই নিচে পড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকেই দুই বাসযাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'টি যানবাহনই পানিতে তলিয়ে যাওয়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের একজন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সুফিয়ান চৌধুরীর ভাই আসাদ চৌধুরী (৪৫)। তিনি সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের কামরুল (২৩), চানপুরের রাজা মিয়া, ফারুক মিয়া (৩৩), সমু পাল (২৩) ও পাঠানটিলার হামিদা বেগম (৪৫)। আহত অন্যদের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ জিএনএ/১০৫০ ঘ.
bdnews24