ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে সোমবার আওয়ামী লীগের উদ্যোগে দোওয়া ও মিলাদ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোওয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে তিন দিনের শোক কর্মসূচি পালন শুরু করে আওয়ামী লীগ।
পরমাণুু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে ক্ষমতাসীন দল রোববার শোক পালনের সিদ্ধান্ত নেয়।
এর আগে দলের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দিনের শোক কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।''
দলের মূখপাত্র স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''তিনদিনের শোক কর্মসূচি পালনের জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা-উপজেলা-ইউনিয়ন সব পর্যায়ের ইউনিট এই কর্মসূচি যথাযথভাবে পালন করবে।''
শনিবার বিকালে স্কয়ার হাসপাতালে ড. ওয়াজেদ মারা যান।
আওয়ামী লীগের তিনদিনের শোক কর্মসূচির মধ্যে আছে, মঙ্গলবার সারাদেশে মসজিদ-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও বুধবার বিকালে রাজধানী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক স্মরণ সভা।
এছাড়া বৃহস্পতিবার বাদ আছর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কুলখানি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/জিএনএ/এসকে/১৯২১ঘ.
bdnews24