ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কবির রুদ্র বৈশাখ কী তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ। তীব্র দাবদাহে ধুকছে মানুষ, ধুকছে যাবতীয় প্রাণী আর প্রকৃতি।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা ও ঢাকা বিভাগ এবং রাজশাহী ও ঈশ্বরদীর ওপর দিয়ে মাঝারী থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দু' একদিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে প্রবাহিত তাপপ্রবাহের মাত্রা কমে আসতে পারে।
তাপপ্রবাহের যন্ত্রণাকে বাড়িয়ে দিয়েছে নৈমিত্তিক বিদ্যুৎ বিভ্রাট। রাজধানীসহ সারাদেশেই লোডশেডিং তীব্র গরমে জনসাধারণকে অতিষ্ঠ করে তুলেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার দেশে ৪৭৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯০০ মেগাওয়াট। শনিবার উৎপাদন সাড়ে তিন হাজার মেগাওয়াটে নেমে এলেও মেঘনাঘাট-৪৫০ মেগাওয়াট ও রাউজানের ২১০ মেগাওয়াটের ইউনিট চালু হওয়ার উৎপাদন বেড়েছে। সম্ভাব্য লোডশেডিং ধরা হয়েছে ৭১৩ মেগাওয়াট। শনিবার সারাদেশে ৮৮৬ মেগাওয়াট লোডশেডিং করা হয়।
আবহাওয়া অফিসের তথ্যমতে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বইতে শুরু করে। এর প্রভাবে শনিবার যশোরে তাপমাত্রা ওঠে ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৭২ সালে রাজশাহীতে, ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রাজশাহীতে ৪০ দশমিক ৬, ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৪, চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৫ ও সাতক্ষীরায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এপ্রিল-মে মাস আমাদের এখানে উষ্ণতম মাস। এ সময়টা সূর্য লম্বভাবে কিরণ দিতে থাকে।
এছাড়া ভারতের উড়িষ্যা, বিহার ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তাপপ্রবাহ চলছে। এ দু'য়ের প্রভাবে আমাদের এখানেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে তিনি জানান।
রোববার বিকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিরাজমান মাঝারি থেকে তীব্র তাপ্রপবাহ এবং ঢাকা ও এর আশপাশের ওপর দিয়ে প্রবাহিত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু' এক জায়গায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪২ঘ.
bdnews24