ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়াকে রোববার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি পীরগঞ্জের ফতেপুরে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
তিনদফা জানাজার পর তাকে দাফন করা হয়।
আগামী বৃহস্পতিবার বাদ আসর প্রয়াতের স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে ওয়াজেদের কুলখানি অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম নামাজে জানাজা শেষে বেলা সাড়ে ১১টার পর ওয়াজেদ মিয়ার মরদেহ নিয়ে পীরগঞ্জ রওনা করে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। এর আগে বেলা ১১টার দিকে আরেকটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা পীরগঞ্জের উদ্দেশে রওনা করে দুপুর সোয়া ১২টায় সেখানে পৌঁছেন।
পীরগঞ্জ হাই স্কুলে দুপুর দেড়টার দিকে ওয়াজেদ মিয়ার দ্বিতীয় এবং তারপর ফতেপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল তিনটার দিকে তৃতীয় জানাজা হয়।
আমাদের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও পীরগঞ্জ প্রতিনিধি সেরাজুল ইসলাম সেরাজ জানান, পীরগঞ্জ হাই স্কুল মাঠে জানাজার আগে ওয়াজেদ মিয়ার কফিন রাষ্ট্রীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এরপর পরিবারের পক্ষ থেকে ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়ার ভাইপো শামীম ,শেখ হাসিনার বেয়াই শ্রম ও জনশক্তি মন্ত্রী মোশাররফ হোসেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বক্তব্য দেন। তারা সুধা মিয়ার বর্ণাঢ্য কর্মজীবনের কথা তুলে ধরে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দুপুর পৌনে ২টার জানাজা নামাজের পর সুধা মিয়ার মরদেহ তার জন্মস্থান ফতেপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার , তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, শ্রম মন্ত্রী মোশাররফ হোসেন, স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুখ, কেন্দ্রীয় নেতা এমদাদ হোসেন মতিন, রংপুর-৬ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, সাংসদ আশিকুর রহমান, টিপু মুন্সি, মনোয়ার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট ফজলে রাব্বি, এনায়েতুর রহিম, প্রধান মন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহাম্মেদসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
দুপুর সোয়া ২টায় ওয়াজেদ মিয়ার মরদেহ তার ফতেপুর গ্রামের পৈত্রিক ভিটায় নিয়ে আসা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ওয়াজেদের স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন রেহানাকেও কাঁদতে দেখা যায়।
পরে ফতেপুর প্রাইমারি স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে ৩ টায় সুধা মিয়াকে তার বাবা-মার কবরের পাশে সমাহিত করা হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ছোট বোনকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ এবং মোনাজাত করে বিকেল ৪টায় ঢাকার উদ্দ্যেশে পীরগঞ্জ ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ওয়াজেদ মিয়ার ছেলে সজীব ওয়াজেদ জয় বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি। সোমবার ভোরে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি আরও জানান, ওয়াজেদ মিয়ার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও অসুস্থতার কারণে শিগগির দেশে ফিরতে পারছেন না। কয়েক দিন আগে তিনি মা হয়েছেন।
বেলা পৌনে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজেদ মিয়ার প্রথম নামাজে জানাজা হয়। নামাজ পরিচালনা করেন খতিব মুফতি মওলানা সালাহউদ্দিন আহমেদ।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক লোক এতে অংশ নেন।
জানাজার জন্য জিরো পয়েন্ট থেকে পল্টন মোড় পর্যন্ত মাইক ছিল ।
জানাজার পর রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওয়াজেদ মিয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সকালে স্কয়ার হাসপাতাল থেকে ওয়াজেদ মিয়ার মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আনা হয়।
স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান ওয়াজেদ মিয়া। তারপর তার মরদেহ ধানমণ্ডির বাসভবন সুধা সদনে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা রাখার পর রাতে তার মরদেহ হিমঘরে রাখার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওয়াজেদ মিয়ার বড় ভাই আব্দুল খালেক মিয়া, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব রুহুল আমীন হাওলাদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি এমকে আনোয়ার ও তরিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জু) ভারপ্রাপ্ত সভাপতি শেখ শহীদুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক, এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক প্রমুখ ঢাকার জানাজায় অংশ নেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এলএইচ/এমএ/এজে/এএল/এসকে/২১৩২ঘ.
bdnews24