ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডির বাড়ি সুধা সদন থেকে প্রধানমন্ত্রীর সদ্যপ্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মরদেহ হিমঘরে রাখার জন্য স্কয়ার হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়েছে।
রাত ৯টা ৪২ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে ড. ওয়াজেদের মরদেহ স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পর তা হিমঘরে রাখা হয় বলে জানিয়েছেন চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেন।
এ ব্যাপারে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কয়ারের হিমঘরে রাতে ড. ওয়াজেদের মরদেহ সংরক্ষণ করা হবে।
রোববার সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে জানাজার পর রংপুরের পীরগঞ্জের গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে বিশিষ্ট এ পরমাণু বিজ্ঞানীকে সমাহিত করা হবে।
ড. ওয়াজেদ শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বছরখানেকের বেশি সময় ধরে নানা রোগে অসুস্থ ড. ওয়াজেদ গত এক মাসের মতো এ হাসপাতালেই ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এলএইচ/এসএম/এএল/এসকে/২২০৫ঘ.
bdnews24