ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালনে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ।
বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের এসব কর্মসূচির কথা জানান।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সেইসঙ্গে সভায় দলের সহসভাপতি এম কে আনোয়ারের নেতৃত্বে জিয়াউর রহমানের ২৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি গঠন করা হয়।
দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ জানান, আগামী ২৫ মে থেকে ১০ দিনের এ কর্মসূচি শুরু হবে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলবে তিন দিন- ২৯, ৩০ ও ৩১ মে। ৩০ মে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অপর্ণ ছাড়াও সারাদেশে জেলা-উপজেলা-ইউনিয়নে আলোচনা সভাসহ স্থানীয় পর্যায়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচিতে ২৯ মে বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন ও ৩১ মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এর আগে খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, অধ্যাপক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ, কৃষক দলের সাধারন সম্পাদক শামসুজ্জামান দুদু, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের শিরিন সুলতানা, ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি এম এ মালেকসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭২০ ঘ.
bdnews24