২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে ছাত্র সংঘর্ষে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় মামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দু'দল ছাত্রের সংঘর্ষ চলাকালে পাঁচ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নগরীর খানজাহান আলী থানায় মঙ্গলবার মামলাটি করেন সমকাল পত্রিকার খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার কনক রহমান। মামলায় অজ্ঞাত পরিচয় ৭/৮ জন ছাত্রকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

খুলনা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দু'দল ছাত্রের সংঘর্ষ চলাকালে পাঁচ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নগরীর খানজাহান আলী থানায় মঙ্গলবার মামলাটি করেন সমকাল পত্রিকার খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার কনক রহমান। মামলায় অজ্ঞাত পরিচয় ৭/৮ জন ছাত্রকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগে বলা হয়, সোমবার কুয়েটে ছাত্রদের দুই গ্র"পের সংঘর্ষ চলাকালে কয়েকজন ছাত্র দুপুর সোয়া ৩টার দিকে অডিটোরিয়ামের সামনে বাদীকে এবং চ্যানেল ওয়ানের ক্যামেরাম্যান হায়দার আলীকে কোনো কারণ ছাড়াই মারধর করে। এরপর তাদের এমএ রশিদ হলের ১১ নম্বর কক্ষে ধরে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে। পুলিশের সহায়তায় আধঘণ্টা পর তারা মুক্ত হন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফা হারুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম বলেন, দুই পক্ষের ছাত্রদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগে ছাত্রীদের নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার ব্যবস্থা করে তারপর পর্যায়ক্রমে ছাত্রদের হল ত্যাগ করতে তারা সাহায্য করেছেন বলেও জানান তিনি। এদিকে কুয়েটে দায়িত্বপালনকালে কোনো কারণ ছাড়াই সাংবাদিকদের আহত করার ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপি নেতারা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাবেক সাংসদ এম নুরুল ইসলাম দাদু ভাই, সাংসদ নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, মনিরুজ্জামান মনি, মোরশেদ আলম প্রমুখ। এছাড়া সকালে খুলনা প্রেসক্লাবে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কাউন্সিলর শহীদ ইকবালসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার দুপুরে দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২৫ আহত হয়েছেন। এ ঘটনায় আগামী ৩০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ক্লাশ বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে কর্তৃপক্ষ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৮ ঘ.