খুলনা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার খুলনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের শিবপদ ঢালী।
হাকিম শহিদুল ইসলাম মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার অপর ছয় আসামি হলেন- আজিজ খন্দকার, শেখ আরমান আলী, শেখ জামাল উদ্দিন, তোরাব আলী, শেখ শামসুর রহমান ও শেখ আবু তালেব।
শিবপদ অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৫ এপ্রিল সকাল ১০টায় আসামিরা রংপুর গ্রামে হামলা চালায়। তারা গ্রামের অধিকাংশ বাড়ি-ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার লুটপাট করে। এক পর্যায়ে তারা শিবপদ'র মামাতো ভাই প্রফুল্লকে ধরে নিয়ে যায় এবং লুটপাট করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর একটি বিলে নিয়ে তার সামনেই প্রফুল্লাকে হত্যা করে।
মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।
এ ব্যাপারে ডুমুরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাউজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা হয়েছে শুনেছি। কিন্তু আদালতের আদেশের কাগজপত্র হাতে পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24