রাঙামাটি, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় সোমবার সকালে একটি দোকানে আগুন লেগে পাশের বিদ্যালয় ভবনের একটি অংশ এবং তিনটি দোকান পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে ওই এলাকার রজমান (৫০) নামে এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন রুবেল দে (২৮) নামে আরেকজন। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের রিজার্ভ বাজারের শহীদ আব্দুল আলী একাডেমি নামের বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত।
আগুনে বিদ্যালয়ের পশ্চিম অংশের ভবন এবং তিনটি দোকান পুড়ে গেছে।
খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সুপার মাসুদুল হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুছা, পৌরসভার প্যানেল চেয়ারম্যান রবিউল আলম রবি, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পৌরসভার প্যানেল চেয়ারম্যান রবিউল আলম রবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24