সাভার, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া বাসস্ট্যান্ডের কাছে রোববার এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লাশবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পিকআপটিতে করে ঢাকা থেকে পরিবারটি তাদের এক সদস্যের লাশ নিয়ে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে যাচ্ছিল।
নিহতরা হচ্ছেন- হাবিবুর রহমান (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০), শ্বাশুড়ি হালিমা বেগম (৭০) ও ভাবী মর্জিনা বেগম (৪৫)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারের নৈশপ্রহরী হাবিবুর রহমানের মেয়ে লাভলী আক্তারের (২০) লাশ নিয়ে পরিবারের স্বজনরা রোববার সকালে ঢাকা থেকে বাসাইলের গ্রামের বাড়ি রওনা করেন।
এসআই মুরাদ বলেন, "সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভারের বাড়ইপাড়া বাসস্ট্যান্ডের কাছে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লাশবাহী পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভানের চার যাত্রী নিহত হন।"
তিনি জানান, দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো আটক করা হয়েছে। চালকদের কোনো খোঁজ মেলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/জিএনএ/১৩২০ ঘ.
bdnews24