চট্টগ্রাম, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য 'প্রাইভেট টাউনশিপ'র ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী ও স্থানীয় সাংসদরা।
শনিবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই গুরুত্ব আরোপ করেন।
সিডিএ'র চেয়ারম্যান হিসেবে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালামের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের সমন্বিত উন্নয়নের জন্য প্রথমবারের মতো এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী আফসারুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ।
সভায় অন্যান্যের মধ্যে সাংসদ আবুল কাশেম মাস্টার, শামসুল হক চৌধুরী, চেমন আরা তৈয়ব, মাহজাবীন মোরশেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এস এম ইকবাল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু ইউসুফ, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিডিএর প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, আধুনিক নগরী গড়ে তোলার ক্ষেত্রে 'প্রাইভেট টাউনশিপ'র কোন বিকল্প নেই। এ জন্য বিশেষ পরিকল্পনা দরকার। আর এই পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিতে হবে সিডিএ-কেই।
প্রধান অতিথির বক্তব্যে আফসারুল আমীন বলেন, চট্টগ্রামের উন্নয়নে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভর করলে চলবে না। এজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এ ব্যাপারে অভিজ্ঞজনদের নিয়ে কাজ করার পরামর্শ দেন।
মাহমুদ হাসান তার বক্তব্যে বলেন, সিডিএ 'প্রাইভেট টাউনশিপ' গড়ে তোলার উদ্যোগ নিলে বিদেশি বিনিয়োগের অভাব হবে না।
মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলে তিনি জানান।
বক্তারা নগরীর যানজট সমস্যা নিরসনে শহরের ভেতর রেল সার্ভিস চালু করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/২০৩০ ঘ.
bdnews24