২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ব্র্যাক কর্মকর্তার লাশ উদ্ধার

বাগেরহাটের মংলা বন্দরের জেটি ঘাটে একটি নৌকা থেকে শনিবার সকালে বেসরকারি সংস্থা ব্র্যাক এর একজন কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

বাগেরহাট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলা বন্দরের জেটি ঘাটে একটি নৌকা থেকে শনিবার সকালে বেসরকারি সংস্থা ব্র্যাক এর একজন কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ কর্মকর্তা হলেন- আকরাম হোসেন। তার বাড়ি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বারৈপাড়া গ্রামে। তিনি ব্র্যাকের মংলা শাখার মাঠ কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় সংস্থার মংলা শাখার ব্যবস্থাপক তিতুমীর চৌধুরী একটি অপমৃত্যু মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য মংলা পৌরসভার মালগাজি এলাকার এনামুলকে (২৭) আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ। তিনি জানান, আকরাম হোসেন শুক্রবার সন্ধ্যায় মালগাজির আব্দুস সোবহানের ছেলে এনামুলের সঙ্গে নৌকায় (সাম্পান) করে মংলার পার্শ্ববর্তী খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা যৌনপল্লী এলাকায় বেড়াতে যায়। এনামুল পুলিশকে জানিয়েছেন- গভীর রাতে সেখান থেকে ফেরার পথে আকরাম অসুস্থ হয়ে পড়েন এবং নৌকায় ঘুমিয়ে যান। সকালে তার ঘুম না ভাঙায় স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি পুলিশকে খবর দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে আকরামের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.