২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভোজ্য তেল আমদানি অর্ধেকে নামিয়ে আনা সম্ভব'

দেশীয়ভাবে সয়াবিন জাতীয় বীজ ও সরিষা উৎপাদন করে ভোজ্য তেল আমদানির ব্যয় আড়াই হাজার কোটি টাকায় নামিয়ে আনা সম্ভব বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন। বাংলাদেশ প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করে থাকে। ঢাকার কৃষি গবেষণা পরিষদ (বার্ক) মিলনায়তনে শনিবার 'খাদ্য নিরাপত্তায় কি ধরণের বাজেট চাই' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, এজন্য কৃষকদের খাদ্যশস্যসহ এসব বীজ উৎপাদনে উদ্বুদ্ধ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয়ভাবে সয়াবিন জাতীয় বীজ ও সরিষা উৎপাদন করে ভোজ্য তেল আমদানির ব্যয় আড়াই হাজার কোটি টাকায় নামিয়ে আনা সম্ভব বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন। বাংলাদেশ প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করে থাকে। ঢাকার কৃষি গবেষণা পরিষদ (বার্ক) মিলনায়তনে শনিবার 'খাদ্য নিরাপত্তায় কি ধরণের বাজেট চাই' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, এজন্য কৃষকদের খাদ্যশস্যসহ এসব বীজ উৎপাদনে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত সেমিনারে সিপিডির গবেষক ড. উত্তম দেব মূল প্রবন্ধ পাঠ করেন। সমিতির সভাপতি অধ্যাপক ড. এমএ সাত্তার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, সমিতির মহাসচিব এএইচএম মনিরুল হক নাগভী, শিল্প ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ড. আবুল কাশেম, এবিএম সিদ্দিক ও ফজলুল হক। আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, এ বছর খাদ্যশস্যের ভাল ফলন হয়েছে। কিন্তু কৃষকরা এর মূল্য পাচ্ছে না। ফলে আগামীতে তারা খাদ্যশস্য উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলবে। এ অবস্থায় খাদ্যশস্যের পাশাপাশি অন্যান্য পণ্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য কৃষি অর্থনীতিবিদদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, কৃষির বাণিজ্যিকীকরণ করতে হবে। অন্যথায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা সম্ভব হবে না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কৃষির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু দাম কমালেই চলবে না, দারিদ্রসীমার নিচে বসবাসকারী প্রায় ছয় কোটি মানুষের জন্য খাদ্য নিশ্চিত করার ব্যবস্থাও করতে হবে। এজন্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে তিনি জানান। আব্দুর রাজ্জাক বলেন, "থাইল্যান্ডসহ অনেক দেশেই আমাদের পাট ও পাটজাতীয় পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। অথচ আমরা কেউই এর দিকে নজর দিচ্ছি না।" পাট খাতের উন্নতি হলে দেশের কৃষি আরো এগিয়ে যাবে বলে মন্ত্রী মত দেন। মূল প্রবন্ধে ড. উত্তম দেব বলেন, বাংলাদেশের কৃষি খাতে অনেক টাকা বরাদ্দ করা হলেও কৃষি গবেষণার জন্য উল্লেখযোগ্য কোন অর্থ বরাদ্দ করা হচ্ছে না। ফলে নতুন নতুন বীজ উদ্ভাবন করা সম্ভব হচ্ছে না। কোন দেশই একই বীজ তিন বছরের বেশি উৎপাদন কাজে ব্যবহার করে না বলে জানিয়ে তিনি বলেন, অথচ এ দেশে ১০ বছরেরও বেশি সময় ধরে একই বীজ ব্যবহার করা হচ্ছে। গবেষণা কাজে কৃষির জন্য বরাদ্দ বাজেটের অন্তত এক শতাংশ বরাদ্দ রাখা উচিৎ বলে উত্তম দেব মত দেন। তিনি বলেন, কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কৃষি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার জন্য উত্তম দেব অভ্যন্তরীণ বাজার থেকে খাদ্যশস্য সংগ্রহের সরকারি লক্ষ্যমাত্রা আরো বাড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও 'কর্মসংস্থান নিশ্চয়তা আইন' পাস করার দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৭৩০ ঘ.