২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও মাদ্রাসাছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের উপর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার গাড়ির ধাক্কায় ভ্যানযাত্রী মাদ্রাসাছাত্রীসহ দুজন মারা যান। আহত হয়েছেন ভ্যান চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

গোপালগঞ্জ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও মাদ্রাসাছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের উপর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার গাড়ির ধাক্কায় ভ্যানযাত্রী মাদ্রাসাছাত্রীসহ দুজন মারা যান। আহত হয়েছেন ভ্যান চালক। নিহত দুজন হলেন- উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম ফকিরের মেয়ে মাদ্রাসার এইচএসসি পরীক্ষার্থী রাফেজা আক্তার রানু (১৮) ও তার ভাগ্নে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের ইসমাইল সরদারের ছেলে রামিম (৫)। বিকেলে সদর উপজেলা বেদগ্রাম নামক স্থানে বাস চাপায় মারা গেছেন জয়েন শেখ (৭০) নামে এক ব্যক্তি। পুলিশ ও স্থানীয়রা জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি গাড়ি (নং-অজ-০৭০০৫) হরিদাসপুর ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিলে রাফেজা ৬০ ফুট নিচে মধুমতী নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হয়। বিকেলে ডুবুরিরা ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। রামিম ও অজ্ঞাতনাম ভ্যানচালককে সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে রামিম মারা যায়। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি গাড়িতে করে ইটালি সরকারের প্রতিনিধিরা গোপালগঞ্জে খাদ্য ও নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে আসছিলেন। তিনি জানান, গাড়িচালক মো. দানেশ আলীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া ভ্যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসআই মোক্তার জানান, বিকালে উপজেলার বেদগ্রাম নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে গ্রামীণ পরিবহনের একটি দ্রুতগামী বাস পথচারী জয়েনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি বেদগ্রাম উত্তর পাড়া গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.