ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজধানীর পল্টন ময়দানে শনিবার বিকেলে এক জনসভার আয়োজন করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথির ভাষণ দেবেন।
শ্রমিক দলের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''শনিবার বিকেল ৩টায় পল্টন ময়দানে শ্রমিক দলের জনসভা অনুষ্ঠিত হবে। এতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।''
নবম সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন ২৭ ডিসেম্বর সর্বশেষ পল্টন ময়দানের জনসভায় ভাষণ দেন খালেদা জিয়া।
শ্রমিক দলের শনিবারের জনসভাকে সফল করতে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছে।
মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পল্টন ময়দানের জনসভায় বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেবেন। জনসভা সফল করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি। নির্বাচনের পর এটিই রাজধানীতে বিএনপির প্রথম জনসভা। তাই আমাদের প্রস্তুতিও ব্যাপক।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১১৫৫ ঘ.
bdnews24