২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদযাপিত হচ্ছে মহান মে দিবস

সারাবিশ্বের মতো বাংলাদেশেও শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। প্রায় দুই বছরের টানা জরুরি অবস্থার পর এবার গণতান্ত্রিক পরিবেশে দিবসটি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমিক সংগঠনগুলো শোভাযাত্রা ও মিছিল করছে। লাল পতাকা হাতে ন্যায্য মজুরির দাবিতে শ্লোগান দিচ্ছেন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 06:01 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাবিশ্বের মতো বাংলাদেশেও শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। প্রায় দুই বছরের টানা জরুরি অবস্থার পর এবার গণতান্ত্রিক পরিবেশে দিবসটি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমিক সংগঠনগুলো শোভাযাত্রা ও মিছিল করছে। লাল পতাকা হাতে ন্যায্য মজুরির দাবিতে শ্লোগান দিচ্ছেন শ্রমিকরা। মে দিবসের অন্য কর্মসূচির মধ্যে আছে- আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রদর্শনী। বিকেলে পল্টন ময়দানে শ্রমিক লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর মুক্তাঙ্গনে মে দিবস উদযাপন কমিটি শ্রমিক সংহতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল বের করে শ্রমজীবী মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করে। প্রধান বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে সকাল ১০টার দিকে নয়া পল্টনের মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভা হয়। শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপি কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। মে দিবস উপলক্ষে শুক্রবার সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের কার্যালয়গুলোতে লাল পতাকা উত্তোলন করা হয়। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনার দিনটি স্মরণে বন্ধ রয়েছে দেশের সব শিল্প-কারখানা। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে যুক্তরাষ্ট্র সরকার মালিক পক্ষের উস্কানিতে শ্রমিকদের ওপর গুলি চালায়। আপসহীন দশ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। এতে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে জনগণের প্রবল চাপের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা নির্ধারণ করতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের মহান অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বাণী দিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সংগঠন শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, রাজনীতিবিদ আবদুল মান্নান ভূঁইয়া শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানান। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১১৪১ ঘ.