২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন পর্যন্ত উন্নত ঘরবাড়ি করে দিতে চায় সরকার

সরকার ইউনিয়ন পরিষদ পর্যন্ত উন্নতমানের, স্বল্পমূল্যের ও স্বাস্থ্যসম্মত ঘরবাড়ি তৈরি করে দিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ইউনিয়ন পরিষদ পর্যন্ত উন্নতমানের, স্বল্পমূল্যের ও স্বাস্থ্যসম্মত ঘরবাড়ি তৈরি করে দিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। তিনি বলেন, "আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত ঘরবাড়ি নির্মাণ করে দিতে চাই। এগুলো হবে উন্নতমানের, স্বল্পমূল্যের ও স্বাস্থ্য সম্মত।" এ কাজে দেশের প্রকৌশলীদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, "স্বল্প ব্যয়ের বাড়িঘর নির্মাণের কৌশল ও প্রযুক্তি উদ্ভাবনে আপনাদের এগিয়ে আসতে হবে।" তিনি বলেন, "দেশের উন্নয়ন কর্মকাণ্ডের শতকরা প্রায় ৮৫ ভাগ অর্থ ব্যয় হয় আপনাদের মাধ্যমে। নির্মাণের ক্ষেত্রে যেন গুণগত মান বজায় থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিবেন। কাজটি যেন পরিবেশ বান্ধব ও টেকসই হয়। যত্রতত্র নির্মাণ কাজ হয়। এক্ষেত্রে পরিবেশের দিকে দৃষ্টি দেওয়া হয় না।" শেখ হাসিনা বলেন, "আমরা নদী খনন করবো। নদীর গভীরতা বৃদ্ধি করতে পারলে পানি ধারণ ক্ষমতা বাড়বে। ফসলি জমি কেটে কোনও বাঁধ নির্মাণ করা যাবে না। বহু মানুষ গৃহহারা হয় নদী ভাঙনের কারণে। আমি বলবো- ড্রেজার নির্মাণ নিজস্ব প্রকৌশলী দিয়ে করুন।" তিনি বলেন, "ভবিষ্যতে 'ই গভার্নেন্স' চালু করতে চাই। এ জন্য আপনাদের ভূমিকা রয়েছে।" বিদ্যুৎ খাতের সমস্যা নিরসনে সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "শুক্রবার ৪১০০ মেগাওয়াট উৎপাদন হয়েছে, কোনও শোডশেডিং ছিল না। "উৎপাদন বাড়ালেও বিদ্যুৎ দিতে পারবো না। কারণ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার সংস্কার হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, লুট হয়েছে, মানুষের কোনও কাজে লাগেনি।" তিনি বলেন, "সরকার গঠনের পর একটির পর একটি সমস্যা মোকাবেলা করতে হয়েছে। চাল, ডাল, লবণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আবারো জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে এসেছি। বিশ্বব্যাপী মন্দার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে যে কোনও পরিস্থিতি মোকাবেলার জন্য।" প্রকৌশলীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরো বলেন, "আপনার নির্ভয়ে কাজ করে যান। ৫ বছর দলীয়করণ হয়েছে। তারপর দু'বছর আতঙ্ক সৃষ্টি হয়েছিল সবার ভিতরে। এখন নির্বাচিত সরকার। আপনারা নির্ভয়ে কাজ করেন। মামলাতো আমরা খাই, জেলে যাই।" সুষ্ঠুভাবে কাজের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গাফিলতি, দীর্ঘসূত্রতা ও দুর্নীতি যেন না হয়। গাফিলতি ক্ষমার অযোগ্য হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর সভাপতি প্রকৌশলী এ এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুল। প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে স্ব^াধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী প্রকৌশলীদের স্মৃতি রক্ষার্থে একটি ফলক উন্মোচন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/জিএনএ/১৫০৩ ঘ.