ফরিদপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিবিরকান্দি গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে লিপি (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওড়ানো দিয়ে গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালের সঙ্গে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। লিপি বিবিরকান্দি গ্রামের শেখ আলকাসের মেয়ে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
এ ঘটনায় আলকাস আটজনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ জাহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মহিউদ্দীন।
তিনি জানান, লিপি বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে প্রতিবেশী জাহিদুলের বাড়ির আমগাছের ডালে তার লাশ ঝুলতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে লিপিকে হত্যা করে লাশ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24