বগুড়া, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রাণের মাংস লুটের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আলম মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের দুজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ধুনট থানার উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান।
তিনি জানান, মাংস লুটের ঘটনায় যুবলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অপর আসামিরা হলেন- পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য চান মিয়া, জাহাঙ্গীর (ছোট) ও টিপু।
উপপরিদর্শক ইব্রাহিম জানান, বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব থেকে আসা ত্রাণের মাংস বিভিন্ন ইউনিয়নে বন্টণ করা হয়। ভান্ডারবাড়ি ইউনিয়নের সহকারী সচিব ইব্রাহীম খলিল ডাবলু পাঁচটি কার্টুন ভর্তি মাংস নিয়ে যাওয়ার সময় ধুনট বাজারে আসামিরা জোর করে তা কেড়ে নেন।
এ ঘটনায় ইব্রাহীম ধুনট থানায় মামলা একটি মামলা করেন।
এদিকে মাংস লুটের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ধুনট উপজেলা যুবলীগের এক জরুরি সভায় পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান।
তিনি জানান, তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ পাঁচজনকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়।
বহিস্কৃত বাকিরা হলেন- গোলাম মহিউদ্দিন, উত্তম সাহা, টিপু ও ফরহাদ। তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24