২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছর আইন কমিশন অকার্যকর ছিল: নতুন কমিশন প্রধান

গত সাত বছর আইন কমিশন অকার্যকর ছিল বলে মন্তব্য করেছেন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশিদ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সাত বছর আইন কমিশন অকার্যকর ছিল বলে মন্তব্য করেছেন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশিদ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে 'বাংলাদেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতদের সম্পর্কে তথ্যানুসন্ধান: ক্ষতিপূরণ, জবাবদিহিতা ও আইন সংরক্ষণ' শীর্র্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিচারপতি আব্দুর রশিদ বলেন, "গণতন্ত্রে আইন কমিশনের প্রয়োজনীয়তা সর্বজনবিদিত। এর প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরা হয়নি। "গত সাত বছরে মানুষ আইন কমিশনের প্রয়োজনীয়তা ভুলে গেছে। বিভিন্ন সময় সরকারগুলো এর কার্যকারিতা বুঝে উঠতে পারেনি।" আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদকে গত ২০ এপ্রিল সরকার নিয়োগ দেয়। দীর্ঘদিন আইন কমিশনের এ পদটি শূন্য ছিল। সর্বশেষ চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই কমিশন গঠন করে। ওই বছরের সেপ্টেম্বর মাসে চেয়ারম্যান ও সদস্যসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী নিয়ে যাত্রা শুরু করে এই কমিশন। প্রথম দিকে আইন প্রণয়ন, বাতিল ও সংশোধনের আগে কমিশনের মতামত নেওয়া হতো। কমিশনের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। ২০০৭ সালের ৫ ডিসেম্বর তিন বছরের মেয়াদ শেষ হলে তিনি পদটি ছেড়ে দেন। এর পর থেকে পদটি শূন্য ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/১৯২৪ ঘ.