ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ২.৭। এ হারে বাড়তে থাকলে ২০২০ সালে জনসংখ্যা দাঁড়াবে ১৭ কোটি ২০ লাখে।
সীমিত সম্পদ দিয়ে এ বিপুল পরিমাণ জনসংখ্যার চাহিদা মেটানো দু:সাধ্য হবে মন্তব্য করে এ হার কমিয়ে ২.২ এ আনার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ আয়োজিত এক সংলাপে এ মত দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
পপুলেশন সায়েন্স বিভাগ ইউএনএফপিএ'র সঙ্গে যৌথ উদ্যোগে 'রিভিজিটিং পপুলেশন পলিসি অব বাংলাদেশ' নামে এ নীতি বিষয়ক সংলাপ আয়োজন করে।
সংলাপে অধ্যাপক ড. নুরুন নবী বলেন, গ্রাম ও শহরে জনসংখ্যার ব্যবধান বেড়েই চলছে। ক্রমবর্ধমান জনসংখ্যা ব্যবস্থাপনায় আমাদের সরকারি বা বেসরকারি কোন প্রস্তুতি ও উদ্যোগ নেই। এ অবস্থায় বিদ্যমান জনসংখ্যা নীতি সংস্কার করে মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করা জরুরি।
প্রধান অতিথি অধ্যাপক ড. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, আমাদের সম্পদ ও সামর্থ ব্যবহার করে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সহায়ক জনসংখ্যা পলিসি তৈরি করতে হবে।
নীতি প্রণয়নের আগে অবশ্যই সাধারণ মানুষের মনোভাব ও ধারণা বিচেবচনায় নিতে হবে।
বিশেষ অতিথি ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে সহনীয় পর্যায়ে আনা এবং জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ইউএনএফপিএ'র বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ মিঃ আর্থার আর্কেন ছিলেন সংলাপের সঞ্চালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24