মুন্সীগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংবাদকর্মী রিজভী রহমান সুমন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুজ্জামান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো সানী, উৎপল, শাহিন ও রিগ্যান।
এছাড়া অপরাধ প্রমানিত না হওয়ায় যুবলীগ নেতা অপু, বাদল ও মুন্নাকে বেকসুর খালাস দেয়া হয়।
অপর আসামি মোবারক জামিনে থাকা অবস্থায় মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দৈনিক মুন্সীগঞ্জের সংবাদকর্মী সুমন হত্যার এই রায়ে তার বড়বোন তানজিলা রহমান ফেন্সি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, তারা সুবিচার পাননি। তাই তারা আপিল করবেন।
মামলার বিবরণে বলা হয়, ২০০৬ সালের ২৪ জানুয়ারি রাতে ডেকে নিয়ে গিয়ে শহরের মানিকপুর এলাকার একটি খালি ভিটায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুমনকে হত্যা করা হয়।
এতে আরো বলা হয়, এরপর হত্যাকারীরা সুমনের লাশ বালি ও মাটি চাপা দিয়ে রাখে। ১ ফেব্রয়ারি তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নিহতের মা শাহনাজ খানম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩২৮ ঘ.
bdnews24