২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী ফারুকের পদত্যাগ দাবিতে প্রশিকা কর্মীদের কর্মবিরতি

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা'র চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন প্রশিকার কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা'র চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন প্রশিকার কর্মীরা। বুধবার সকালে এসব দাবীতে মিরপুর-২ এ প্রশিকার প্রধান কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে দুই ঘন্টা মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির সহস্রাধিক কর্মী। এরপর তারা কর্মবিরতি শুরু করেন। মানববন্ধন শেষে প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তারা প্রশিকা চেয়্যারম্যানের পদত্যাগ দাবি করেন। বর্তমান পরিস্থিতিতে প্রশিকার সব কর্মকাণ্ড পরিচালনার জন্য চারটি বিভাগের সমন্বয়ে একটি পরিচালনা পর্যদ গঠন করেছে কর্মীরা। প্রশিকার পরিচালক (মাঠ কর্মকান্ড) কামরুল হাসান কামাল ও কেন্দ্রীয় সমন্বয়কারী কাজী রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজী ফারুক আহম্মদ প্রশিকাকে তার ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এর ভাবমূর্তি নষ্ট করেছেন। রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হওয়ার কারণে দেশী-বিদেশী দাতারা প্রশিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা অভিযোগ করেন, ২০০৮ সালের ৮ অক্টোবর 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন' নামে একটি রাজনৈতিক দল গঠনের পর তাতে যোগ দিতে প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্য করেছেন কাজী ফারুক। বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিধিমালা থাকলেও সেসবের তোয়াক্কা না করে তিনি নিজের ইচ্ছামতো সংগঠনটি পরিচালনা করেন। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পদে তিনি স্ত্রী, ছেলে, শ্যালকের স্ত্রীসহ ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়োগ করেছেন বলে কর্মীরা অভিযোগ করেন। কেন্দ্রীয় সমন্বয়কারী সাবিকুন নাহার বলেন, কর্মীরা যদি ক্ষুদ্র ঋণ আদায়ে ব্যর্থ হওয়ায় সি বা ডি গ্রেড পায়, তার জন্য তো দায়ী তিনিই (কাজী ফারুক )। কারণ, তিনি এদের সংস্থার কাজের বাইরে নিজের রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন। আর যে পদ্ধতিতে এসব গ্রেডিং করা হচ্ছে, তারও কোন ভিত্তি নেই। কর্মীদের দাবীর মধ্যে রয়েছে, ১০ কেন্দ্রীয় সমন্বয়কারীকে সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বের প্রত্যাহার, মূল্যায়ন পদ্ধতির সংশোধন, তথাকথিত মূল্যায়নের মাধ্যমে ২৫% বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, উদ্দেশ্যমূলক ট্রাস্টগুলো ভেঙ্গে দেওয়া, কর্মী কল্যাণ তহবিল ও উৎসব ভাতা থেকে কর্তন করা অংশের তহবিলের ব্যবহার খতিয়ে দেখা, মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন আদায় ও একটি বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন। তবে এসব অভিযোগ প্রসঙ্গে কাজী ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের সব দাবী মিথ্যা। কোন বেতন বকেয়া নেই, তহবিল তছরুপ বা কোন স্বজনপ্রীতি করা হয়নি। বিএনপি-জামায়াতের সহযোগিতায় বাইরের মদদে কিছু লোক প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। তিনি ১০ সমন্বয়কারীকে সাময়িক বরখাস্তের অভিযোগ অস্বীকার করে জানান, এক দফতর থেকে আরেক দফতরে তাদের বদলি করা হয়েছে। কারণ, তারা একজন প্রশাসনিক কর্মকর্তার উপর চড়াও হয়েছিলেন। এটিও তদন্ত করে দেখা হচ্ছে, যার রিপোর্ট ৫ মে পাওয়া যাবে। প্রশিকায় বিরাজমান অচলাবস্থা কীভাবে নিরসন হবে জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান বলেন, বেসরকারি সংস্থায় ট্রেড ইউনিয়ন করা যায়না। এটা অবৈধ। আমি এটা হতে দেব না। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ীই এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০৩০ ঘ.