চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে চালকদের একাংশ সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘট তৃতীয় দিনের মতো অব্যাহত রেখেছে। ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগে বুধবার আরও ছয় চালককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা জামায়াত সমর্থিত চট্টগ্রাম মহানগর সিএনজি অটো রিকশা শ্রমিক কল্যাণ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
এরা হলেন- সংগঠনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সভাপতি মো. মোতালেব, গোলাম মোস্তফা, মো. সোলায়মান ও বশির।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহাকারী কমিশনার (ডিবি) ওয়াহেদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা তিনটার দিকে নগরীর সদরঘাট তিন রাস্তার মোড় এলাকা থেকে ধর্মঘট আহবানকারী মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক কল্যাণ ইউনিয়নের এ ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে গত তিনদিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৬-এ।
সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘটে পেছনের ইন্ধনদাতা এবং ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও গোয়ন্দা কর্মকর্তা জানান।
এদিকে বুধবার দুপুরের দিকে মালিকদের একটি অংশ ধর্মঘট থেকে সরে এসে সিএনজি অটোরিকশা চালানো শুরু করলেও বিকেল পর্যন্ত চলাচল স্বাভাবিক হয়নি। ফলে তৃতীয় দিনের মতো জনগণের দুর্ভোগ অব্যাহত ছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনগণকে যারা দুর্ভোগে ফেলেছে তাদের সঙ্গে কোনো আপোষ করা হবে না। যারা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দায়ী তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
মিটারে গাড়ি না চালালে প্রশাসন চালকদের সাথে কোনো বৈঠকে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার সকাল থেকে চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশা চালকরা আকস্মিকভাবে এ ধর্মঘট শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24