মুন্সীগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ড. হুমায়ুন আজাদ তার আদর্শের জন্য চিরদিন বেঁচে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
হুমায়ূন আজাদের ৬২তম জন্ম বার্ষিকীতে মঙ্গলবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঢ়িখাল গ্রামে তার বাড়ির উঠোন 'জ্যোতিময় আঙ্গিনা'য় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "যারা হুমায়ুন আজাদকে আক্রমণ করেছে সেই উগ্র মৌলবাদীরা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তিনি চিরদিন বেঁচে থাকবেন তার আদর্শ নিয়ে।"
হুমায়ুন আজাদের ছোটভাই সাজ্জাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, হুমায়ুন আজাদের স্ত্রী লতিফা কহিনূর, শ্রীনগরের ইউএনও আব্দুল লতিফ মোল্লা, আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি, মীর মোজাম্মেল আলী, সাইদুজ্জামান খান প্রমুখ।
বক্তরা মৌলবাদীরদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দোসরদের বিচার দাবি করেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে হুমায়ূন আজাদের বই বিতরণ করা হয়।
নানা কর্মসূচির মধ্যে সকালে তার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন স্তরের মানুষসহ নানা অঞ্চল থেকে আসা তার ছাত্রছাত্রী ও শুভাকাঙ্খীরা।
হুমায়ুন আজাদ ১৯৪৭ সালের ২৮ এপ্রিল রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে ফেরার পথে তার ওপর হামলা হয়। একই বছরের ১২ আগস্ট জার্মানির মিউনিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 'পেন' এর ফেলোশিপ নিয়ে তিনি মিউনিখ গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24