২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মসূচি বাস্তবায়নে গাফিলতি সহ্য করব না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কল্যাণে যে সব কর্মসূচি নেওয়া হবে সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এ ক্ষেত্রে কোনো গাফিলতি বা শৈথিল্য সহ্য করা হবে না। তিনি আরো বলেছেন, জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোন আইনগত জটিলতা থাকলে সেগুলো আরও সহজ ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

সাভার, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কল্যাণে যে সব কর্মসূচি নেওয়া হবে সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এ ক্ষেত্রে কোনো গাফিলতি বা শৈথিল্য সহ্য করা হবে না। (আরো তথ্যসহ) তিনি আরো বলেছেন, জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোন আইনগত জটিলতা থাকলে সেগুলো আরও সহজ ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিপিএটিসি'র প্রশিক্ষণার্থী, প্রশিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা জনগণের সেবক, শাসক নন। অনেক সময় শুনি সরকারি কর্মকর্তারা জনগণের সঙ্গে যথাযথ আচরণ না করে প্রভুর ন্যায় আচরণ করে থাকেন।" প্রশাসনের অনেকেরই মধ্যে এখনও ব্রিটিশ বা পাকিস্তানি শাসন আমলের মন-মানসিকতা রয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্মকর্তাদের মন-মানসিকতার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শেখ হাসিনা বলেন, "আমরা একটি ভিশন নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছি। নির্বাচনী ইশতেহারে আমরা দিনবদলের প্রতিশ্র"তি দিয়েছি। আমরা জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। আর সে কাজটা করতে হবে সরকারি কর্মকর্তাদেরই।" কল্যাণকর প্রশাসন তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যাপারে গুরুত্বারোপ করে হাসিনা বলেন, "আমরা দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। আপনারা নিজেরা কেউ দুর্নীতি করবেন না এবং অপরের দুর্নীতি সহ্য করবেন না। মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের, আপনাদের বেতন-ভাতা দেওয়া হয়।" বিগত জোট সরকারের সময় প্রশাসন দলীয়করণ করা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা দলীয়করণে বিশ্বাসী নই। মেধা ও দক্ষতার ভিত্তিতে আমরা আপনাদের পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করব।" তিনি বলেন, "দায়িত্ব নেওয়ার পর আমরা দেশের বিভিন্ন সার্ভিস সেক্টরগুলো কী করুণ অবস্থায় পেয়েছি। বিদ্যুতের জন্য আজ চারিদিকে হাহাকার। কিন্তু এ অবস্থার জন্য আমরা দায়ী নই।" খুব শিগগিরই বিদ্যুৎ পরিস্থিতির 'যথেষ্ট উন্নতি' হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। প্রধানমন্ত্রী বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পর চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছি। আপনাদের সহায়তা পেলে এ অবস্থা অব্যাহত রাখতে পারব।" কম্পিউটার ও ইংরেজি ভাষা চর্চা ছাড়া বিশ্বায়নের এ যুগে তথ্যের সুপার হাইওয়েতে প্রবেশ করা সম্ভব হবে না অভিমত দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, এ দুটো বিষয় ছাড়া 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব। প্রযুক্তিভিত্তিক প্রশাসন ও পরিসেবা চালুর মাধ্যমে 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তোলা আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্র"তি। বিপিএটিসি আগামী ২০২০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার সিভিল সার্ভিস ট্রেনিং-এর 'রিজিওনাল হাব' এর মর্যাদা লাভ করবে- এ আশাবাদ ব্যক্ত করে হাসিনা বলেন, "দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে বিপিএটিসি'র দক্ষতা বাড়াতে হবে।" প্রয়োজনে এ বিষয়ে বিশেষ প্রকল্প হাতে নিয়ে মন্ত্রণালয়ে উপস্থাপন করার পরামর্শ দেন তিনি। বিপিএটিসি বোর্ড অব গভর্নরস সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বিপিএটিসি-র রেক্টর মো. আব্দুস সালাম খান প্রমুখ। অনুষ্ঠানে মন্ত্রী, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব, বিপিএটিসি'র সাবেক রেক্টর প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/১৯৩২ঘ.