ঝিনাইদহ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সঙ্গে তথাকথিত 'বন্দুকযুদ্ধে' চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি'র (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা সিদ্দিকুর রহমান বিপ্লব নিহত হয়েছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জনযুদ্ধ নেতা আবদুর রশিদ মালিথা ওরফে তপন গত ১৮ জুন কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মারা যান। তারপর থেকে জনযুদ্ধের নেতৃত্বে ছিলেন বিপ্লব।
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তারা খবর পান চরমপন্থিরা গান্না এলাকা থেকে এক লোককে অপহরণ করে মোটর সাইকেলে গোপালপুরের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি জানান, এরপর র্যাব-পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করে। রাত পৌনে ১২ টার দিকে রামচন্দ্রপুর গ্রামে র্যাব-পুলিশের মুখোমুখি হয় চরমপন্থিরা। তারা র্যাব-পুলিশকে লক্ষ্য করে গুলি করলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
এসপি জাহাঙ্গীর বলেন, "প্রায় আধা ঘণ্টা এ বন্দুকযুদ্ধ হয়। এরপর চরমপন্থিরা পালিয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে সিদ্দিকুর রহমান বিপ্লবের গুলিবিদ্ধ লাশ, একটি মোটর সাইকেল, দুটি মোবাইল ফোন, একটি গুলি ভর্তি রিভলবার, একটি শাটারগান ও একটি বোমা উদ্ধার করা হয়।"
বিপ্লবের বিরুদ্ধে সদর থানায় তিনটি হত্যা ও পাঁচটি বোমা হামলার মামলা আছে। সে সদর উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মতলেবের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৭
bdnews24