গাজীপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থান ও সময়ে দু'পক্ষ খেলা আয়োজন করায় গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দেউলিয়া মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ওই মাঠে ১৪৪ ধারা জারি থাকবে।
বাড়িয়া ইউনিয়ন আ'লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের অন্তর্দ্বন্দ্বের জেরে একই স্থানে দু'পক্ষ খেলা আয়োজন করে বলে পুলিশ জানায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বাড়িয়া ইউনিয়ন আ'লীগ সভাপতি হাবিবুর রহমানকে প্রধান অতিথি করে দেউলিয়া সমাজকল্যাণ সংঘ মঙ্গলবার বিকেলে দেউলিয়া মাঠে ফাইন্যাল ভলিবল খেলা আয়োজন করে। অপরদিকে একই স্থান ও সময়ে দেউলিয়া আদর্শ তরুণ একতা যুব সংঘ ক্রিকেট ফাইন্যাল খেলা আয়োজন করে আমন্ত্রণ পত্র বিলি করে। এখানে অতিথি করা হয় বাড়িয়া ইউপি চেয়ারম্যান আ'লীগ নেতা মো. আক্তারুজ্জামান শুকুর এবং ইউনিয়ন আ'লীগ সাধারণ সস্পাদক মনির হোসেন মনিরকে।
এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেউলিয়া মাঠে ১৪৪ ধারা জারি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.
bdnews24