ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তে আইনগত সহায়তা দেওয়ার জন্যই সরকার আইনজীবী নিয়োগ করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "বিডিআর'র ঘটনার তদন্ত নিয়ে কোন সন্দেহ থাকা উচিত নয়। তদন্ত শেষ করেই কোন আইনে এর বিচার করা হবে তা নির্ধারণ করা হবে।"
আইনমন্ত্রী বলেন, "যে আইনেই বিচার হোক না কেন আমরা চাই বিচার কাজ নিরপেক্ষ ও স্বচ্ছ হবে এবং অভিযুক্তরা ন্যয়বিচার পাবে। আমরা আইনের শাসনে বিশ্বাসী।"
পিলখানা হত্যাকাণ্ড মামলা পরিচালনার জন্য সরকার অ্যাডভোকেট আনিসুল হককে প্রধান পাবলিক প্রসিকিউটর এবং অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী ও অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে।
সেনা আইনে বিচার হলে বিডিআর বিদ্রোহে আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "আমি আগেও বলেছি, আবারো বলছি, কোন আইনে বিচার করা হবে তা এ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই নির্ধারণ করা হবে।"
যে তিন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশের সব আইনজীবীরই কোন না কোন দলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তবে আমরা মনে করি, এ আইনজীবীরা নিরপেক্ষ, দক্ষ ও সততার সঙ্গে কাজ করবে।"
যুদ্ধাপরাধীদের বিচারে বিলম্ব প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, "জাতীয় ও আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার গ্রহণযোগ্য করতেই সরকার সতর্কতার সঙ্গে এ বিষয়ে অগ্রসর হচ্ছে। এজন্য একটু সময় লাগছে।"
যুদ্ধাপরাধীদের বিচারে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোন দেশের চাপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে বাইরের কোন দেশের চাপ নেই।"
এ বিষয়ে তিনি আরো বলেন, "১৯৭১ সালে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, আমরা তাদেরই বিচার করতে চাই। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচার কাজ শেষ হবে। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে কারো বিচার করছে না বা কাউকে রাজনৈতিকভাবে হেনস্তাও করা হবেনা।"
একটি সংগঠন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "বিষয়টি বিবেচনা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৫৫৬ ঘ.
bdnews24