ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খানকে সরকার যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগ করেছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে শফিউদ্দিন আহম্মেদ অবসর নেওয়ার পর থেকে যুক্তরাজ্যে হাইকমিশনারের পদটি শূন্য রয়েছে।
এ নিয়োগ পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোমবার সন্ধ্যায় অধ্যাপক সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধুমাত্র যুক্তরাজ্যেই নয় ইউরোপের অন্যান্য অংশেও বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার এ দায়িত্ব আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।"
তিনি আরো বলেন, " সততা, নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারবো বলে আমার বিশ্বাস, যাতে সর্বক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।"
ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্্র বিভাগের শিক্ষক অধ্যাপক সাইদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও বাম দল সমর্থক শিক্ষকদের হলুদ দলের সঙ্গে সম্পৃক্ত।
২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে কথিত উস্কানি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অধ্যাপক খান ওই বছরের ২৪ আগষ্ট থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন।
অধ্যাপক সাইদুর রহমান ১৯৪৬ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে তার পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২০৫০ ঘ.
bdnews24