ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বাইরের স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন সুবিধার উদ্যোগ নিতে এ শিল্পের উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার হেয়ার রোডের সরকারি বাসভবনে সাক্ষাত করলে তিনি এই আহবান জানান।
সন্ধ্যা সাতটা থেকে প্রায় পৌনে দু'ঘন্টা বৈঠকের পর প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনের বাইরে সাংবাদিকদের বৈঠক সম্পর্কে জানান রিহ্যাবের সাধারণ সম্পাদক তানভীরুল হক প্রবাল।
তিনি জানান, বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য বিশ লাখ টাকার চেক হস্তান্তর করতে সংগঠনের সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে কার্যনিবাহী কমিটির ১৪ জন সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
প্রবাল আরো বলেন, "প্রধানমন্ত্রী আবাসন শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের কাছে জানতে চান। আমরাও আমাদের অবস্থা ওনাকে জানিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের ঢাকার বাইরে চলে গিয়ে গরীব ও স্বল্প আয়ের মানুষের জন্য কিছু করতে বলেছেন।"
রিহ্যাব নেতারা এসময় প্রধানমন্ত্রীকে বাড়ির নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতাসহ 'রাজউক সৃষ্ট' বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২০১ঘ.
bdnews24