মৌলভীবাজার, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের কুলাউড়ার ভুখশিমইল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শনিবার রাতে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির এক ট্রাক চাল আটক করেছে পুলিশ।
সন্দেহজনক হওয়ায় ৪৮ বস্তা চালসহ ট্রাকটি আটক করে থানায় আনা হয় বলে পুলিশ জানায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গোপন সংবাদ পাই, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির চাল ইউনিয়ন পরিষদ চত্বরে একটি মিনিট্রাক থেকে নামানো হচ্ছে। এরপর রাত ৮টার দিকে চালগুলো আটক করি।"
ভুখশিমইল ইউপি চেয়রম্যান সিরাজুদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সিলেটে অবস্থান করছেন এবং পরে যোগাযোগ করবেন বলে ওসিকে জানান।
সন্দেহজনক হওয়ায় চালসহ ট্রাকটি আটক করা হয় বলে উল্লেখ করে ওসি বলেন, "আমরা বিষয়টা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.
bdnews24