২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শততম বর্ষে বলীখেলা, এবারও যুগ্ম শিরোপা দিদার ও মর্ম সিংয়ের

২৮ মিনিট সমানে সমান লড়ে কেউ কাউকে হারাতে পারেননি কক্সবাজারের দিদারুল আলম ওরফে দিদার বলী ও খাগড়াছড়ির মর্ম সিং ত্রিপুরা। ফলাফল দু'জনই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার শততম আসরের যুগ্ম চ্যাম্পিয়ন। গতবছরও একে অন্যের মুখোমুখি হয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন এরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ২৮ মিনিট সমানে সমান লড়ে কেউ কাউকে হারাতে পারেননি কক্সবাজারের দিদারুল আলম ওরফে দিদার বলী ও খাগড়াছড়ির মর্ম সিং ত্রিপুরা। ফলাফল দু'জনই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার শততম আসরের যুগ্ম চ্যাম্পিয়ন। গতবছরও একে অন্যের মুখোমুখি হয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন এরা। কক্সবাজারের রামু উপজেলার দিদার বলী এ নিয়ে যৌথ ও একক মিলিয়ে সপ্তমবারের মতো জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হলেন। শনিবার বিকালে নগরীর লালদীঘির মাঠে এ ঐতিহ্যবাহী বলিখেলা অনুষ্ঠিত হয়। এর আগে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত দিদার মর্মের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিলেন। ২০০৭ সালে তিনি মর্মকে হারিয়ে এককভাবে শিরোপা জেতেন। ২০০২ সালে দিদার বলী উখিয়ার ছিদ্দিক বলীর সঙ্গে যুগ্মভাবে প্রথম শিরোপার স্বাদ পান। অন্যদিকে মর্ম সিংয়ের শিরোপা সংখ্যা এবারসহ ছয়টি। মর্ম ২০০৩ সালে দিদারকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন। ১৯০৯ সালে শুরু হওয়া আব্দুল জব্বারের বলী খেলার এবার ছিল শততম আয়োজন। এ উপলক্ষে নগরীর লালদীঘির মাঠ ও এর আশেপাশের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা। ১৯০৯ সালে ব্যবসায়ী আবদুল জব্বার এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার সূচনা করেন। ক্রমে এই খেলা ও মেলাটি এই অঞ্চলের প্রাণের মেলায় রূপ নেয়। তিনদিনের মেলা শুরু হয়েছে শুক্রবার থেকে। কিন্তু মূল বলীখেলা অনুষ্ঠিত হয় শনিবার বিকালে। মেলা চলবে রোববার গভীর রাত পর্যন্ত। শুক্রবার সকাল থেকেই তীব্র গরম উপেক্ষা করে ছেলে-বুড়ো-কিশোর-কিশোরী-গৃহবধূসহ নানা বয়সের হাজার হাজার মানুষের সমাগমে মেলাস্থল মুখরিত হয়ে উঠে। শহরের বাইরে থেকেও লোকজন এসে এ মেলায় ভিড় করেছেন। বলী খেলার শতবর্ষ পূর্তি উপলক্ষে এবার আয়োজক কমিটি প্রবীণ বলীদের সংবর্ধনা এবং শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। বিকালে বলীখেলার উদ্বোধন ঘোষণা করেন টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এস এম ইকবাল, সিএমপি পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, বাংলালিংকের আঞ্চলিক বাণিজ্যিক প্রধান বিশ্বজিৎ পাল। খেলা শেষে নৌ পরিবহন মন্ত্রী ডা. আফসারুল আমীন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, ভোলা কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল থেকে ৮০জনেরও বেশি প্রতিযোগী এবারের আসরে অংশগ্রহণ করেন। এবারের খেলায় যেমন ছিলেন ৭০ বছরের বৃদ্ধ নুরুচ্ছফা তেমনি ছিল ১১ বছরের কিশোর এমাজ উদ্দিন ও আরিফ। দুই সহোদর ইদ্রিস আল ফায়েদ (১০) ও নেছার আহমেদ তাওসিক (৯) ও অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২৫৩ঘ.