২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপপ্রবাহ রোববারও চলবে

গরমে নাকাল মানুষের জন্য আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে কোনো সুখবর নেই। দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া তাপপ্রবাহ রোববারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ ফারাহ দীবা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাপপ্রবাহ রোববারও অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কম হওয়াতেই গত ৫/৬ দিন ধরে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গরমে নাকাল মানুষের জন্য আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে কোনো সুখবর নেই। দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া তাপপ্রবাহ রোববারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ ফারাহ দীবা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাপপ্রবাহ রোববারও অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কম হওয়াতেই গত ৫/৬ দিন ধরে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে তিনি জানান। দীবা বলেন, শুরুতে মৃদু থাকলেও গত ২/৩ দিন ধরে তাপ প্রবাহ মাঝারি থেকে তীব্র আকার নিয়েছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুৎ যাওয়া-আসা। ঘরে, কাজে সর্বত্র হাসফাস করছে মানুষ। দিনের তীব্র রোদে পারতপক্ষে বের হচ্ছে না কেউ। দিনে ঘর থেকে বের হওয়া মাত্র গরম বাতাসের হলকা লাগছে নাকে-মুখে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে গত দু'দিন ধরে পারদ উঠে আছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি। গভীর রাত বা ছুটির দিনেও লোডশেডিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বিদ্যুৎ ব্যবস্থাপনার (লোডশেডিং) মাধ্যমে ৮২৬ মেগাওয়াট বিদ্যুৎ ভাগাভাগি করে কম সরবরাহ করতে হয়েছে। শনিবার ৪৯৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৩৮৫৫ মেগাওয়াট। এর আগে বৃহস্পতিবার ও বুধবার বিদ্যুতের ঘাটতি ছিল ১১০০ মেগাওয়াটের বেশি। রাজধানী ছাড়াও বিভিন্ন শহর ও পল্লী এলাকাতেও সমানতালে লোডশেডিং করা হচ্ছে বলে আমাদের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা জানান। গত সপ্তাহে শুরু হয় বর্তমান তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগ এবং রাজশাহী, ঈশ্বরদী এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ । ঢাকা, ফরিদপুর এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, বগুড়া, রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, ফেনী, বরিশাল ও পটুয়াখালী এলাকার ওপর দিয়ে বইছে হালকা থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৫৬ঘ.