বরিশাল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এখন আর কৃষককে সার খুঁজতে হয় না, বরং সার কৃষককে খুঁজছে। বর্তমান সরকারের সুষ্ঠুু সার ব্যবস্থাপনার জন্য এটা সম্ভব হয়েছে।
শনিবার বরিশাল ক্লাব মিলনায়তনে সিডর আক্রান্ত ধান চাষীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের (ইলসাফারম) উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, "জাতীয় নির্বাচন এক মাস আগে হলে কৃষি ক্ষেত্রে সরকারের ভর্তুকির সুফল পেত কৃষকরা। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থার নাজুক অবস্থার কারণে কৃষি উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছে সরকার। এ কারণে শহরের মানুষ প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না।"
তিনি জানান, আগামীকাল (রোববার) তিনটি মন্ত্রণালয়ের সভায় ধান-চালের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। কৃষকরা যাতে তাদের উৎপাদন খরচের পরেও লাভবান হতে পারে সে বিষয়ে ওই সভায় গুরুত্ব দেওয়া হবে।
কৃষি সচিব সি কিউ এস মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ইউএসএইড'র মিশন প্রধান ডেনিস রোলিন্স, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।
অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে ধারণা দেন ইউএসএ-আইএফডিসি'র ইউরেশিয়ার পরিচালক জন এইচ অলগুড।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি জানান, 'ইলসাফারম' প্রকল্পের অধীনে দক্ষিণাঞ্চলের ৩৫টি উপজেলার কৃষকদের মধ্যে ১৪০টি গুটি ইউরিয়া তৈরির যন্ত্র দেওয়া হবে। ফলে ২ লাখ ৮০ হাজার কৃষক পরিবারের ১৪ লাখ লোক উপকৃত হবে।
মরিয়ার্টি বলেন, "গুটি ইউরিয়া সার ব্যবহারের ফলে রাসায়নিক সারের ব্যবহার দুই-তৃতীয়াংশ কমে যাবে। গুটি ইউরিয়া সার ব্যবহার করলে বছরে ১৩ হাজার মেট্রিক টন রাসায়নিক সার সাশ্রয় হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৬১৪ ঘ.
bdnews24