ঢাকা এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন সবগুলো উপজেলায় দমকল স্টেশন স্থাপনের সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
একইসঙ্গে তিনি আগুন নিয়ন্ত্রণে দমকল বিভাগের ওপর নির্ভরশীলতা কমিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাজধানীতে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিয়নায়তনে "গুরুত্বপূর্ণ শহরগুলোয় অগ্নি নিরাপত্তা প্রস্তুতি" শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলছিলেন।
মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি'র (এমআইপিপি) আয়োজনে এ বৈঠকে আলোচকরা সব বহুতল ভবনে আগুন প্রতিরোধক সরঞ্জাম রাখা, তার ব্যবহারের প্রশিক্ষণ ও নিয়মিত মহড়ার আয়োজন এবং কঠোর আইনী নজরদারিসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাহারা খাতুন জানান, দেশের ১৭৩টি উপজেলাতেই কোন দমকল স্টেশন নেই। সেসব উপজেলায় স্টেশন তৈরি করা হচ্ছে।
তিনি আরো বলেন, অনেক প্রতিষ্ঠানেই আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি রয়েছে। কিন্তু সেগুলো ব্যবহারে তাদের যথাযথ প্রশিক্ষণ নেই। তিনি এ প্রসঙ্গে বসুন্ধরায় আগুনের ঘটনা উল্লেখ করেন।
ভবন মালিকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে এ অভিমত দিয়ে মন্ত্রী বলেন, নির্মাণের সময়ই আগুন প্রতিরোধক ব্যবস্থা স্থাপন করতে হবে।
বার্তা সংস্থা এপি'র ব্যুরো চিফ ফরিদ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। দমকল, রাজউক, স্থপতি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
দমকল বিভাগের মহাপরিচালক আবু নাইম মোঃ শহীদুল্লাহ বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় ঢাকা শহর বিশ্বের শীর্ষ ভূমিকম্পের ঝুঁকি বহুল শহর হিসাবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, ভূমিকম্পে যতটা না মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় এর পরে সৃষ্ট অগ্নিকাণ্ডে।
মহাপরিচালক বলেন, শুধুমাত্র উঁচু মই হলেই হবে না, সংশ্লিষ্ট ভবনটিতে অগ্নি প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে। রাজধানীতে বহুতল ল্যাডার চলার মতো রাস্তা এবং পানি সরবরাহেরও সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে ভবন মালিকদের আগুন প্রতিরোধক ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
তিনি জনসচেতনা বৃদ্ধির জন্যে প্রচারমাধ্যমের তৎপরতার পাশাপাশি স্কুলের পাঠ্যক্রমে আগুন নিরাপত্তা ও ভূমিকম্প মোকাবেলার বিষয় দুটি সংযোজনের পরামর্শ দেন।
স্থপতি ড. নিজামুদ্দিন আহমেদ বলেন, আগুন লাগার প্রথম দুই মিনিটের মধ্যেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকে মারা যান। অনেকে পদদলিত হয়ে মারা যান। এ কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, আগুন মোকাবেলার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা ও সেগুলো ব্যবহারে নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে।
আইন না মানার প্রবণতা পরিবর্তন করা এবং বহুতল ভবনগুলো পরিদর্শন করে তাদের আগুন প্রতিরোধক ব্যবস্থা পরীক্ষা করে দেখতে হবে বলেও মত দেন তিনি।
গত কয়েক বছর ধরে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসকে পানিবাহী গাড়ি থেকে শুরু করে নানা যন্ত্রপাতি সরবরাহ করছে উল্লেখ করে প্রথম আলোর নগর সম্পাদক প্রণব সাহা বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মতো দমকলের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও সর্বোচ্চ স্বচ্ছতা কাম্য।
ঢাকা ও চট্টগ্রামে গত একদশকে যেসব বহুতল ভবন নির্মিত হয়েছে তাতে নতুন ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার বলে মত দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৩৬ঘ.
bdnews24