ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র ওমরাহ পালন শেষে শনিবার দুপুরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সফরে শেখ হাসিনা সৌদি আরব যান।
ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ প্রধানমন্ত্রী গত সোমবার রাতে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।
পরদিন সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এদিন দিবাগত রাতেই সফরসঙ্গীদের নিয়ে শেখ হাসিনা পবিত্র ওমরাহ পালন করেন।
মঙ্গলবার রাতে মক্কায় বসবাসরত বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১৩০ ঘ.
bdnews24