কক্সবাজার, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোন ঐক্যমত্য ছাড়াই বৃহস্পতিবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (নাসাকা) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষ হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ১৯৯৮ সালের এক কথিত 'চুক্তির' উল্লেখ করে নাসাকা বলেছে তারা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ ফুটের মধ্যে মাটির বাঁধসহ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাবে।
বিডিআর কর্তৃপক্ষ এরকম কোনো চুক্তির ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখতে সময় চাইলে নাসাকা রাজি হয়নি।
বাংলাদেশী সাংবাদিকদের কাছে বিডিআর কর্তৃপক্ষ বলেছেন,তারাও বাঁধ নির্মাণে বাধা দিয়ে যাবেন।
মিয়ানমারের ঢেকুবুনিয়ায় নাসাকার তিন নম্বর সেক্টর সদরদপ্তরে বৃহস্পতিবার দুপুরের এ বৈঠক দেড়ঘন্টা স্থায়ী হয়।
বৈঠকে বিডিআর এর পক্ষে ১৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
নাসাকার পক্ষে বৈঠকে অংশ নেয় তিন নম্বর সেক্টর কমান্ডার মেজর অং ই ও-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল।
বৈঠক থেকে ফিরে লে. কর্নেল শাখাওয়াত হোসেন জানান, বৈঠকে নাসাকা দাবি করেছে, ঢাকা ও ইয়াঙ্গুনের মধ্যে ১৯৯৮ সালের ১২ মে-র এক দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তারা জিরো পয়েন্টের ১৫০ ফুটের মধ্যে যে কোন স্থাপনা নির্মাণ করতে পারবে।
ওই চুক্তিপত্র দেখতে চাওয়া হলে নাসাকা এর কোন অনুলিপি দেখাতে পারেনি বলে জানিয়ে লে. কর্নেল শাখাওয়াত বলেন, তারা নাসাকাকে জানান, এ ধরণের কোন চুক্তিপত্র বিডিআরের হাতে নেই। এ কারণে ওই 'চুক্তির' সত্যতা যাচাইয়ের জন্য বিডিআর ১৫ দিন বাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখার অনুরোধ জানায়। কিন্তু নাসাকা ওই অনুরোধ মানতে রাজি হয়নি।
লে. কর্নেল শাখাওয়াত হোসেন জানান, " এর ফলে কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা ব্যবস্থা নেবো।"
তিনি আরো বলেন, "আমরা বাঁধ নির্মাণের কাজে মিয়ানমারকে বাধা দিয়েই যাবো। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের জিরো পয়েন্ট থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। কিন্তু মিয়ানমার এ আইন উপেক্ষা করছে।"
বৈঠকে অংশ নেওয়া ১৭ রাইফেলস ব্যাটালিয়নের অভিযান কর্মকর্তা মেজর তানিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষে আরেকটি আলোচনার বিষয় ছিল সীমান্তে নাসাকার পেছনে সৈন্য মোতায়েন করার বিষয়। কিন্তু নাসাকা বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে।
নাসাকা দাবি করেছে, স্থানীয় পৌরসভার মাধ্যমে বাঁধের কাজ করা হচ্ছে। ওই বাঁধের ওপরই কাঁটা তারের বেড়া নির্মাণ করা হবে।
এছাড়া বাংলাদেশে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনাও ঘটছে না বলে নাসাকা দাবি করেছে। কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা বাংলাদেশের প্রতি আহবান জানায়।
নাইক্ষ্যংছড়ি এলাকায় ৮০ গজের মধ্যে বাঁধ
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, সীমান্তের নাইক্ষ্যংছড়ি এলাকায় জিরো পয়েন্ট থেকে ৮০ গজের মধ্যে নাসাকার বাঁধ ও কাঁটা তারের বেড়া নির্মাণ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি সফর করেছেন।
সোমবার সকালে উখিয়ার পালংখালী বিওপির কাছে রহমতের বিল বরাবর সীমান্তের আশি গজের মধ্যে মাটির বাঁধ নির্মাণের কাজ শুরু করে নাসাকা। মিয়ানমার সেনাবাহিনীর প্রকৌশল শাখা এবং স্থানীয় রাখাইন যুবকরা এ কাজে নাসাকাকে সহায়তা করছে বলে তখন সীমান্তের বাসিন্দারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/এসকে/২২১৭ ঘ.
bdnews24