গাজীপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারারক্ষীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ।
তিনি বলেন, "ইতোমধ্যে কারারক্ষীদের রেশন শতভাগ করা হয়েছে। আবাসন সমস্যাসহ সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।"
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তানজিম বলেন, "আমরা চাই সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়তে। এ জন্য কারাগারে বন্দীদের জীবনে পরিবর্তন আনতে হবে। এটা করার ক্ষেত্রে কারারক্ষীদের বড় ভূমিকা আছে। বন্দিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।"
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম মকবুল হোসেন, জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার ও পুলিশ সুপার আব্দুল বাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24