২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু জিএমজি ফ্লাইট

পাইলটরা কর্মবিরতি তুলে নেওয়ায় প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান জিএমজি এয়ারলাইন্সের ফ্লাইট। বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট বন্ধ থাকার পর সন্ধ্যা সাতটা ২৬ মিনিটে জিএমজির ঢাকা-কলকাতা ফ্লাইট ছেড়ে যায় বলে বিমানবন্দরের তথ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাইলটরা কর্মবিরতি তুলে নেওয়ায় প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান জিএমজি এয়ারলাইন্সের ফ্লাইট। বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট বন্ধ থাকার পর সন্ধ্যা সাতটা ২৬ মিনিটে জিএমজির ঢাকা-কলকাতা ফ্লাইট ছেড়ে যায় বলে বিমানবন্দরের তথ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে। জিএমজি এয়ার লাইনসের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড সেলস) সাদাত রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইলটদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সব ঠিক হয়ে গেছে। আবার নিয়মিত ফ্লাইট চলতে শুরু করেছে।" বিমানবন্দর তথ্য কেন্দ্রের এক কর্মকর্তা সন্ধ্যায় জানান, বিকেল সাড়ে পাঁচটার ঢাকা-কলকাতা ফ্লাইটটি সন্ধ্যা সাতটা ২৬ মিনিটে ছেড়ে গেছে। ঢাকা-চট্টগ্রামে দুপুর একটার নির্ধারিত ফ্লাইটটি রাত নটায় যাবে। এর আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কেন্দ্রে কর্তব্যরত এক কর্মকর্তা দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে কলকাতা এবং সকাল ১০টা ২৫ মিনিটে কাঠমণ্ডুতে জিএমজি এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট যায়নি। জিএমজি এয়ারলাইন্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বকেয়া বেতনের দাবিতেই এ কর্মবিরতি চলছে। কর্মকর্তাটি বলেন, "প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারির প্রায় দুই থেকে তিন মাসের বেতন বাকি রয়েছে। এই বেতনের দাবিতে পাইলটরা কর্মবিরতি শুরু করেছেন।" তবে ভাইস প্রেসিডেন্ট সাদাত রহমান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দিয়েছিল। এখন তা ঠিক হয়ে গেছে। আশা করছি, পরের ফ্লাইটগুলো চলবে। তবে নির্ধারিত সময়ের চেয়ে একটু দেরিতে ছাড়বে ফ্লাইটগুলো।" দেশের প্রথম বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা-দুবাই, ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-কাঠমন্ডু ও ঢাকা-কোলকাতা এ কয়টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালাচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মধ্যে জিএমজির বিমান চলাচল করে থাকে। গত ১০ এপ্রিল ঢাকা-ব্যাংকক রুটে জিএমজির ফ্লাইট চালু হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/টিআর/এসকে/২২০৬ঘ.